
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ডা. শফিকুর রহমান একটি পরিচিত ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমীর। এই কারণে তাকে অনেকে 'আমিরে জামাত' বলে সম্বোধন করে। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার দাখিলকৃত হলফনামা এবং আয়কর রিটার্ন থেকে তার আর্থিক অবস্থা ও সম্পদের একটি পরিষ্কার চিত্র পাওয়া গেছে। তিনি একজন রাজনীতিবিদের পাশাপাশি পেশায় চিকিৎসক। এই নেতার আয়-ব্যয় এবং সম্পদের উৎস নিয়ে জনমনে যে কৌতূহল রয়েছে, তার উত্তর মিলবে এই ব্লগে।
সম্পদের সংক্ষিপ্ত বিবরণ
নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য এবং ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন অনুযায়ী, ডা. মোঃ শফিকুর রহমানের নিট সম্পদের পরিমাণ ১ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৪৭৪ টাকা। গত এক বছরে তার মোট আয় ৩ লাখ ৬০ হাজার টাকা। উল্লেখ্য যে, তার বার্ষিক জীবনযাত্রার ব্যয় আয় অপেক্ষা বেশি (৬ লাখ ৪ হাজার ৭৬০ টাকা), যা তিনি তার পূর্বের সঞ্চয় বা সম্পদ থেকে মেটান বলে প্রতীয়মান হয়।
ডা. শফিকুর রহমানের আয়ের উৎস কি?
হলফনামা অনুযায়ী, ডা. শফিকুর রহমানের আয়ের প্রধান উৎস দুটি। তিনি পেশায় একজন চিকিৎসক হলেও তার আয়ের বড় অংশ আসে কৃষি খাত থেকে। তার আয়ের বিস্তারিত নিম্নরূপ:
- কৃষি খাত: কৃষি জমি থেকে তার বার্ষিক আয় ৩,০০,০০০ টাকা।
- অন্যান্য (দান/উপহার): দান বা অন্যান্য খাত থেকে তার প্রাপ্ত অর্থের পরিমাণ বছরে ৬০,০০০ টাকা।
অস্থাবর সম্পদ
হলফনামা অনুযায়ী তার মোট ১ কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে রয়েছে:
- নগদ ও ব্যাংক জমাঃ তার হাতে নগদ রয়েছে ৫ লাখ টাকা এবং বিভিন্ন ব্যাংকে জমা আছে প্রায় ২৩ লাখ ৪৬ হাজার টাকা।
- শেয়ার ও বিনিয়োগঃ বিভিন্ন কোম্পানির শেয়ারে তার বিনিয়োগ ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা।
- যানবাহনঃ তার নিজের নামে একটি গাড়ি রয়েছে (ঢাকা মেট্রো চ-১১-৩৭৬৩), যার অর্জনকালীন মূল্য ৩৫ লাখ টাকা।
- স্বর্ণ ও ইলেকট্রনিক্সঃ ১০ ভরি স্বর্ণ (উপহার হিসেবে প্রাপ্ত), ৫০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ১ লাখ টাকার আসবাবপত্র রয়েছে।
স্থাবর সম্পদ
স্থাবর সম্পদের ক্ষেত্রে তার মালিকানায় কৃষি ও অকৃষি উভয় ধরনের জমি রয়েছে। মোট ৪৭ লাখ ২৫ হাজার ৮৩৪ টাকার স্থাবর সম্পদের বিবরণ হলো:
- জমিঃ তার নামে ২১৭ শতক কৃষি জমি (মূল্য ১৭.৭১ লাখ টাকা) এবং ১৩ শতক অকৃষি জমি (মূল্য ২.৫৪ লাখ টাকা) রয়েছে।
- বাড়ি/ভবনঃ সিলেটে তার একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে যার নির্মাণ ব্যয় বা মূল্য উল্লেখ করা হয়েছে ২৭ লাখ টাকা।
মামলার বিবরণ ও দায়-দেনা
ডা. মোঃ শফিকুর রহমানের বিরুদ্ধে অতীতে মোট ৩২টি মামলা ছিল, যেগুলোর সবকটি থেকেই তিনি অব্যাহতি বা খালাস পেয়েছেন অথবা মামলা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ২টি ফৌজদারি মামলা চলমান রয়েছে, তবে উভয় মামলাই উচ্চ আদালত কর্তৃক স্থগিত (Stayed) অবস্থায় আছে। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে তার কোনো ঋণ বা দায় নেই বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন।