বেসরকারি চাকরিজীবীদের আয়করের হিসাব নিকাস (২০২৬-২৭ কর বছর)

calendar_today

২০২৬-২০২৭ কর বছরের জন্য আয়কর আইনে কিছু পরিবর্তন করা হয়েছে, সেই কারণে বেসরকারি চাকরিজীবীদের আয়কর কীভাবে হিসাব করতে হয়, তা অনেকেই জানেন না। এই পোস্টে আমরা সহজ ভাষায় করযোগ্য আয় নির্ধারণ, করহার, করমুক্ত সীমা এবং উদাহরণসহ সম্পূর্ণ হিসাব বিস্তারিত আলোচনা করব।

১. করযোগ্য আয় নির্ধারণ ও কর অব্যাহতি

বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে নিয়োগকর্তার কাছ থেকে প্রাপ্ত মোট বেতন বা আর্থিক সুবিধার একটি অংশ করমুক্ত থাকে। নিয়মটি হলো:

  • মোট চাকুরির আয়ের এক-তৃতীয়াংশ (১/৩ অংশ) অথবা ৫,০০,০০০ টাকা, এই দুটির মধ্যে যেটি কম, সেই পরিমাণ টাকা করমুক্ত সুবিধা হিসেবে মোট আয় থেকে বাদ যাবে।
  • অবশিষ্টাংশ 'করযোগ্য আয়' হিসেবে বিবেচিত হবে।

২. ২০২৬-২০২৭ কর বছরের করহার (স্বাভাবিক পুরুষ ব্যক্তি)

২০২৬-২৭ কর বছর থেকে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের আয়ের ওপর নিম্নরূপ হারে কর ধার্য হবে:

  • প্রথম ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর: শূন্য (০%)
  • পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর: ১০%
  • পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর: ১৫%
  • পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর: ২০%
  • পরবর্তী ২০,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর: ২৫%
  • অবশিষ্ট মোট আয়ের ওপর: ৩০%
💼 Tax Consultant
আয়কর সংক্রান্ত পরামর্শ ও ট্যাক্স রিটার্ন সাবমিটে সহযোগিতার জন্য...

৩. ২০২৬-২০২৭ কর বছরে করমুক্ত আয়ের বিশেষ সীমা

সকল করদাতার জন্য করমুক্ত সীমা এক নয়। বিশেষ কিছু শ্রেণির করদাতাদের জন্য আলাদা সীমা নির্ধারণ করা হয়েছে:

  • মহিলা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য: ৪,২৫,০০০ টাকা।
  • তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধী করদাতাদের জন্য: ৫,০০,০০০ টাকা।
  • গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং "জুলাই যোদ্ধা" করদাতাদের জন্য: ৫,২৫,০০০ টাকা।

৪. ২০২৬-২০২৭ কর বছরে ন্যূনতম কর (Minimum Tax)

আয় করমুক্ত সীমা অতিক্রম করলেই করদাতাকে একটি নির্দিষ্ট ন্যূনতম কর দিতে হবে। অবস্থান বা অন্য কোনো বিষয় এখানে বিবেচ্য নয়।

  • সাধারণ করদাতাদের জন্য: ন্যূনতম ৫,০০০ টাকা।
  • নতুন করদাতাদের জন্য (যারা প্রথমবার রিটার্ন দিচ্ছেন): ন্যূনতম ১,০০০ টাকা।

উদাহরণ সহ কর গণনা (২০২৬-২০২৭)

ধরা যাক, জনাব 'ক' একজন বেসরকারি চাকরিজীবী (পুরুষ, বয়স ৪০)। ২০২৫-২৬ অর্থবছর শেষে তার বার্ষিক মোট বেতন ১২,০০,০০০ টাকা। তিনি ১,০০,০০০ টাকা সঞ্চয়পত্র কিনেছেন।

ধাপ ১: করযোগ্য আয় নির্ণয়

  • মোট বেতন: ১২,০০,০০০ টাকা।
  • কর অব্যাহতি: (১২,০০,০০০ এর ১/৩ অংশ = ৪,০০,০০০ টাকা) অথবা ৫,০০,০০০ টাকা; যেটি কম।
  • অব্যাহতি প্রাপ্ত আয়: ৪,০০,০০০ টাকা।
  • করযোগ্য আয়: (১২,০০,০০০ - ৪,০০,০০০) = ৮,০০,০০০ টাকা।

ধাপ ২: করের পরিমাণ নির্ণয় (Slab অনুযায়ী)

  • প্রথম ৩,৭৫,০০০ টাকার ওপর (০%): ০ টাকা।
  • পরবর্তী ৩,০০,০০০ টাকার ওপর (১০%): ৩০,০০০ টাকা।
  • অবশিষ্ট (৮,০০,০০০ - ৩,৭৫,০০০ - ৩,০০,০০০) = ১,২৫,০০০ টাকার ওপর (১৫%): ১৮,৭৫০ টাকা।
  • মোট প্রদেয় আয়কর: (৩০,০০০ + ১৮,৭৫০) = ৪৮,৭৫০ টাকা।

দ্রষ্টব্য: জনাব 'ক' যদি প্রথমবারের মতো রিটার্ন দিতেন এবং তার হিসাবকৃত কর ১,০০০ টাকার কম হতো, তবে তাকে ১,০০০ টাকা ন্যূনতম কর দিতে হতো।

Share to:

CATEGORIES:

Popular Posts