
“ইনকাম ট্যাক্স অডিট” এই কথাটা শুনলেই অনেকের বুক ধক করে ওঠে। মনে হয়, কি বড় ঝামেলায় পড়লাম? এই ভয়টা স্বাভাবিকই, কারণ আমাদের দেশে ট্যাক্স অডিট মানেই অনেকের কাছে ভোগান্তি আর দুশ্চিন্তার নাম। কিন্তু বাস্তবে ইনকাম ট্যাক্স অডিট সব সময় শাস্তি বা সমস্যা বোঝায় না। বেশিরভাগ ক্ষেত্রেই এটি কর কর্তৃপক্ষের একটি নিয়মিত যাচাই প্রক্রিয়া। তবুও অডিট নোটিশ হাতে পেলেই কাগজপত্র, ব্যাখ্যা, অতিরিক্ত কর বা জরিমানার আশঙ্কায় টেনশন শুরু হয়।
অডিট প্রক্রিয়াকে সহজ ও স্পষ্ট করতে এনবিআর আয়কর রির্টান অডিট নির্দেশনা ২০২৫ জারি করেছে। এই ব্লগে আমরা সহজ ভাষায় জানবো ইনকাম ট্যাক্স অডিট কী, কেন করদাতাকে অডিটে ডাকা হয়, এবং একজন সাধারণ করদাতা হিসেবে কীভাবে প্রস্তুতি নিলে অযথা দুশ্চিন্তা ছাড়াই অডিট মোকাবিলা করা যায়।
আয়কর অডিট কি?
আয়কর অডিট হলো একটি বিধিবদ্ধ প্রক্রিয়া যার মাধ্যমে করদাতার দাখিলকৃত আয়কর রিটার্ন এবং সংশ্লিষ্ট আর্থিক তথ্যাদির সঠিকতা ও আইনি পরিপালন যাচাই করা হয়। এটি আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৮২ এর বিধান অনুযায়ী এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রণীত নির্দেশিকা অনুসরণে পরিচালিত হয়। মূলত স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিলকৃত রিটার্নসমূহ এই অডিটের আওতাভুক্ত হয়।
সহজ কথায়, ধরুন আপনি আয়কর রিটার্ন জমা দিয়েছেন, যেখানে আপনার বার্ষিক আয় ১০ লাখ টাকা দেখানো হয়েছে। ট্যাক্স অডিটের মাধ্যমে কর্তৃপক্ষ আপনার ব্যাংক স্টেটমেন্ট, বেতনের বিবরণী, ব্যবসায়িক লেনদেন, জমির দলিল, অন্যান্য বিনিয়োগের কাগজ দেখে নিশ্চিত হবেন যে আপনার দাবি সত্য কি না। এটি কোনো ফৌজদারি তদন্ত নয়, বরং এটি একটি নিয়মিত আয়কর রিটার্নের পর্যালোচনা মাত্র।
অডিট ফাইল নির্বাচনের প্রধান পদ্ধতি সমূহ
আয়কর রিটার্ন অডিট নির্দেশিকা ২০২৫ এবং আয়কর আইন, ২০২৩-এর বিধান অনুযায়ী, অডিট ফাইল বা রিটার্ন নির্বাচনের প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়। অডিট নির্বাচনের প্রধান পদ্ধতি ও মানদণ্ডগুলো নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো:
- ঝুঁকিভিত্তিক স্বয়ংক্রিয় অডিট ফাইল নির্বাচন পদ্ধতিঃ ইনকাম ট্যাক্স অডিটে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ঝুঁকিভিত্তিক একটি স্বয়ংক্রিয় নির্বাচন পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতিতে মানবিক হস্তক্ষেপের সুযোগ কম থাকায় অডিট নির্বাচনে পক্ষপাত বা ইচ্ছাধীন সিদ্ধান্তের সম্ভাবনাও অনেকটাই হ্রাস পেয়েছে। চলতি বছর সকল করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হচ্ছে। এসব রিটার্নে প্রদত্ত তথ্য সরকারের অন্যান্য ডেটাবেইজ যেমন বিদ্যুতের মিটার, জমির দলিল, ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদানের তথ্য, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার তথ্যের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হচ্ছে। এই যাচাই প্রক্রিয়ায় যদি কোনো অসঙ্গতি, অমিল বা ঝুঁকিপূর্ণ তথ্য চিহ্নিত হয়, তাহলে সংশ্লিষ্ট করদাতার রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকে।
- দৈবচয়ন পদ্ধতিঃ যে সকল স্বাভাবিক ব্যক্তি করদাতা অফলাইনে ম্যানুয়ালি আয়কর রিটার্ন দাখিল করেন, তাদের তথ্য ডেটাবেইজে সম্পূর্ণভাবে এন্ট্রি না হওয়া পর্যন্ত সাময়িকভাবে দৈবচয়ন বা রেন্ডম সিলেকশনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অডিটের জন্য নির্বাচন করা হয়। এই পদ্ধতিতে কোনো বিশেষ কারণ ছাড়াই বড়–ছোট যেকোনো করদাতার ফাইল অডিটে পড়তে পারে।
- অডিট বাছাইকারী টিমঃ কোম্পানি এবং অন্যান্য করদাতাদের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিল ব্যবস্থা পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত প্রতি কর সার্কেলে একটি বাছাইকারী টিম গঠিত হয়। এই টিম অডিট ঝুঁকির আলোকে রিটার্ন নির্বাচন করে বোর্ডের নিকট অনুমোদনের জন্য প্রস্তাব পাঠায়।
অডিট ফাইল নির্বাচনের কৌশলগত নীতিমালা
- নতুন করদাতার ক্ষেত্রে নীতি: যদি কোনো নতুন করদাতা প্রথমবারের মতো রিটার্ন দাখিল করেন এবং তার তথ্য যদি 'অতি ঝুঁকিপূর্ণ' হিসেবে প্রমাণিত না হয়, তবে নীতিগতভাবে তাকে অডিট বাছাই প্রক্রিয়ার বাইরে রাখা হয়।
- তিন বছরের বিরতি: সাধারণত কোনো করদাতার রিটার্ন একবার অডিট করা হলে, বড় ধরনের রাজস্ব ক্ষতির ঝুঁকি না থাকলে পরবর্তী তিন কর বছর তাকে পুনরায় অডিটের জন্য নির্বাচন না করার নীতি অনুসরণ করা হয়।
- এক-তৃতীয়াংশ নিয়ম: অডিটের জন্য নির্বাচিত মোট রিটার্নের মধ্যে অন্তত এক-তৃতীয়াংশ হতে হবে এমন করদাতাদের রিটার্ন, যারা এর আগে কখনো অডিটের আওতায় আসেননি।
- চলমান অডিট: কোনো করদাতার একটি কর বছরের অডিট চলাকালীন অন্য কোনো বছরের রিটার্ন সাধারণত অডিটভুক্ত করা হয় না।
অডিট তালিকা প্রকাশ ও করদাতাকে অবহিতকরণ
বোর্ড কর্তৃক অডিটের জন্য নির্বাচিত রিটার্নসমূহের টিআইএন (TIN) ভিত্তিক তালিকা এনবিআর এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট উপ কর কমিশনার (DCT) তালিকা প্রাপ্তির ৩০ দিনের মধ্যে করদাতাকে অডিটভুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।
ইনকাম ট্যাক্স অডিট এর সম্মুখীন হলে করণীয়
১) প্রতিনিধি নিয়োগ
সাধারণ করদাতারা প্রায়ই আয়কর আইন সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকার কারণে সরাসরি অডিট মোকাবেলায় সমস্যায় পড়েন। এ ক্ষেত্রে প্রথম ও সবচেয়ে কার্যকর পদক্ষেপ হলো একজন যোগ্য প্রতিনিধি (যেমন, আয়কর আইনজীবী বা অনুমোদিত কর পরামর্শক) নিয়োগ করা। আপনার পক্ষে যুক্তি উপস্থাপন, নথিপত্র দাখিল ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য একজন আইনগত প্রতিনিধি নিয়োগ করলে অনেকটাই নিশ্চিন্ত ও সুশৃঙ্খলভাবে অডিট প্রক্রিয়া মোকাবেলা করা সম্ভব হয়।
২) প্রয়োজনীয় তথ্যাদি ও নথিপত্র প্রস্তুত রাখা
অডিট কর্মকর্তারা আপনার আয়ের উৎস অনুযায়ী বিভিন্ন তথ্য যাচাই করবেন, তাই নিচের নথিগুলো সংগ্রহে রাখা জরুরি:
- ব্যাংক স্টেটমেন্ট (সব অ্যাকাউন্টের)
- বেতনের স্লিপ বা আয়ের প্রমাণপত্র
- ব্যবসায়িক হিসাবের খাতা
- সম্পদের দলিল (জমি, ফ্ল্যাট, গাড়ি ক্রয়ের কাগজ)
- বিনিয়োগের প্রমাণ (এফডিআর, শেয়ার, সঞ্চয়পত্র)
- ভাড়ার রসিদ বা চুক্তিপত্র
- ঋণের কাগজপত্র (ব্যাংক লোন, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট)
- পূর্ববর্তী বছরের আয়কর রিটার্ন কপি
৩) লিখিত ব্যাখ্যা প্রদান
উপ কর কমিশনার কোনো তথ্যে অসঙ্গতি খুঁজে পেলে আপনাকে ব্যাখ্যা প্রদানের সুযোগ দেবেন। আপনি তাঁর নিকট প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ লিখিত ব্যাখ্যা দাখিল করতে পারেন। আপনার ব্যাখ্যা সন্তোষজনক হলে এবং কোনো রাজস্ব ঝুঁকির সম্ভাবনা না থাকলে উপ কর কমিশনার আপনাকে অডিট কার্যক্রম থেকে অব্যাহতি দিতে পারেন।
৪) শুনানির সুযোগ গ্রহণ
করদাতার কোনো দাবি বা ব্যাখ্যা অগ্রাহ্য করার আগে তাঁকে শুনানির পর্যাপ্ত সুযোগ দেওয়া বাধ্যতামূলক। করদাতাকে আইন অনুযায়ী তাঁকে শুনানির পর্যাপ্ত সুযোগ দিতে হবে। শুনানির সময় করদাতা নিজে উপস্থিত থাকতে পারেন অথবা তাঁর মনোনীত প্রতিনিধির মাধ্যমে জোরালোভাবে দাবির সপক্ষে আইনি ভিত্তি তুলে ধরতে পারেন। কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা আইন, কনভেনশন এবং বিচারবুদ্ধি প্রয়োগ করে যৌক্তিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন।
৫) রিটার্ন সংশোধনের সুযোগ
অডিট প্রতিবেদনে কোনো ত্রুটি ধরা পড়লে করদাতাকে সরাসরি শাস্তির আওতায় না এনে বরং একটি সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হয়। করদাতা যদি অডিট ফলাফল মেনে নিয়ে সংশোধিত রিটার্ন জমা দেন এবং প্রযোজ্য কর পরিশোধ করেন, তবে অডিট কার্যক্রম নিষ্পত্তি করা হয়।
৬) তদন্তে সহযোগিতা করা
প্রয়োজনে অডিট কর্মকর্তারা আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা সম্পদ সরেজমিনে তদন্ত করতে পারেন। এই ধরনের তদন্তে কর্মকর্তাদের সহযোগিতা করা এবং সঠিক তথ্য প্রদান করা আপনার দায়িত্ব।
৭) একতরফা কর নির্ধারণ এড়ানো
অডিট মানেই কি শাস্তি?
একদমই না! ২০২৫ সালের অডিট নির্দেশিকা অনুযায়ী, অডিট মানেই শাস্তি বা করদাতার ওপর অতিরিক্ত কর আরোপ নয়। অডিটের প্রধান লক্ষ্য হলো কর ফাঁকি ও কর পরিহার রোধ করা এবং করদাতারা যথাযথভাবে আইন ও বিধি মেনে চলছেন কি না তা নিশ্চিত করা। এছাড়া দেশে একটি সুস্থ কর সংস্কৃতির বিকাশ এবং রাজস্ব কর্মকর্তাদের মাধ্যমে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য।
কেন ফাইল অডিটে পড়ে?
অনেকেই ভাবেন, আমি তো সঠিক ভাবে রিটার্ন দাখিল করেছি, তাহলে আমার ফাইল অডিটে যাবে কেন? আসলে অডিট হওয়ার পেছনে বেশ কিছু সাধারণ কারণ থাকতে পারে। অডিটের জন্য রিটার্ন নির্বাচনের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হয়:
- আইনি ও তথ্যগত ত্রুটি: করদাতার অতীত ও বর্তমান রেকর্ড যাচাই করে যদি কোনো দৃশ্যমান আইনি বা তথ্যগত গরমিল পাওয়া যায়, তবে সেই রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়।
- আর্থিক বিবরণীতে অসঙ্গতি: করদাতার দাখিলকৃত ব্যালেন্স শিট এবং আয়-ব্যয়ের বিবরণীতে এমন কোনো অসঙ্গতি থাকলে যা সাধারণ প্রক্রিয়াকরণের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।
- যৌক্তিক কারণ ছাড়া লোকসান বা আয় হ্রাস: তথ্য-প্রমাণ বা সঠিক কারণ ছাড়াই যদি ব্যবসায় লোকসান প্রদর্শন করা হয় অথবা পূর্ববর্তী বছরের তুলনায় আয় উল্লেখযোগ্যভাবে কম দেখানো হয়।
- অপ্রদর্শিত বিনিয়োগ ও সম্পদ: যদি কোনো করদাতা কর অব্যাহতি বা হ্রাসকৃত কর হারের সুবিধা দাবি করেন, তবে তিনি শর্তগুলো মেনে চলছেন কি না তা যাচাই করতে অডিট করা হয়।
অডিটের ভয় দূর করতে করণীয়
ট্যাক্স অডিট নিয়ে ভয় পাওয়া স্বাভাবিক, তবে এটি অযথা উদ্বেগের কারণ নয়। অডিটের ভয় দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত, সঠিক ও স্বচ্ছভাবে কর দাখিল ও পরিশোধ করা। এছাড়াও কয়েকটি সহজ টিপস অনুসরণ করলে আপনি নিশ্চিন্তে অডিটের প্রক্রিয়া সামলাতে পারবেন:
- সঠিক তথ্য প্রদান করুন: রিটার্নে সব আয়, ব্যয়ের তথ্য সঠিকভাবে উল্লেখ করুন।
- আয়ের সব উৎস দেখান: একাধিক আয়ের উৎস থাকলে সবকিছু স্পষ্টভাবে উল্লেখ করুন।
- সময়মতো রিটার্ন দাখিল করুন: দেরি হলে অডিটের ঝুঁকি বেড়ে যেতে পারে।
- ব্যক্তিগত এবং ব্যবসায়িক ব্যয় আলাদা রাখুন: কোন ব্যয় ব্যক্তিগত এবং কোন ব্যয় ব্যবসায়িক তা পরিষ্কারভাবে আলাদা করুন।
- অপ্রয়োজনীয় লেনদেন এড়িয়ে চলুন: ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে বড় লেনদেন সন্দেহের জন্ম দেয়।
- পেশাদারের পরামর্শ নিন: বছরে অন্তত একবার একজন ট্যাক্স কনসালট্যান্টের সাথে আলোচনা করুন। এতে আপনার রিটার্ন আরও নির্ভুল হবে।
- স্বচ্ছতা বজায় রাখুন: যে কোনো তথ্য দাখিল করার সময় সততা এবং স্বচ্ছতা বজায় রাখুন।
- নথিপত্র সংরক্ষণ করুন: ব্যাংক স্টেটমেন্ট, বিল, রশিদ এবং আয়কর রিটার্ন সংক্রান্ত নথি সংরক্ষণ করুন।
পরিশেষে, যদি আপনি একজন সৎ এবং সচেতন করদাতা হন, আপনার সব ডকুমেন্ট সুন্দরভাবে সংরক্ষিত থাকে এবং তথ্যগুলো স্বচ্ছভাবে দাখিল করেন, তবে অডিট প্রক্রিয়াটি সাধারণত সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত হয়ে যায়। মনে রাখুন, আপনার কর দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই নিয়মিত ও সঠিকভাবে কর পরিশোধ করুন এবং অডিট নিয়ে অযথা উদ্বিগ্ন না হয়ে নিশ্চিন্তে থাকুন।