
বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটি পরিচিত নাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দলের নেতৃত্বে রয়েছেন। তার আর্থিক প্রোফাইল নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন ও আগ্রহ রয়েছে। কয়েকদিন আগেও সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল, তারেক রহমানের ইনকাম সোর্স কি? বা তারেক রহমানের মাসিক আয় কত? ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সময় জমা দেওয়া হলফনামা এবং আয়কর রিটার্ন থেকে এই প্রশ্নের উত্তর এবং তার আর্থিক অবস্থার একটি স্পষ্ট চিত্র পাওয়া গেছে।
সম্পদের সংক্ষিপ্ত বিবরণ
নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ কর বছর শেষে তারেক রহমানের মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। এবং তারেক রহমানের বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা, যার উপর তিনি ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা আয়কর পরিশোধ করেছেন। উল্লেখযোগ্য যে, তার নিজের কোনো গাড়ি বা বাড়ি নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
তারেক রহমানের আয়ের উৎস কি?
তারেক রহমানের আয়ের প্রধান উৎস হলো পুঁজিবাজার এবং আর্থিক বিনিয়োগ। হলফনামায় তিনি তার পেশা হিসেবে "রাজনীতি" উল্লেখ করেছেন, কিন্তু আয়ের ক্ষেত্রে মূল ভরসা ব্যাংক আমানত এবং শেয়ার বাজারে বিনিয়োগ। তার আয়ের বিস্তারিত বিবরণ নিম্নরূপ:
- স্থায়ী আমানত ও ব্যাংক জমাঃ তারেক রহমানের নামে ব্যাংকে স্থায়ী আমানত বা এফডিআর রয়েছে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা। নগদ ও ব্যাংকে জমা অর্থের পরিমাণ প্রায় ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। সঞ্চয়ী ও অন্যান্য আমানতে রয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। এসব আমানত থেকে যে সুদ আয় হয়, তা তার বার্ষিক আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ।
- শেয়ার বাজারে বিনিয়োগঃ তারেক রহমানের বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ রয়েছে প্রায় ৬৮ লাখ ৫০ হাজার টাকার। যেখানে কিছু স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এবং কিছু অতালিকাভুক্ত উভয় ধরনের কোম্পানিতে তার বিনিয়োগ রয়েছে। শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশ তার আয়ের একটি নিয়মিত উৎস।
তারেক রহমানের স্থাবর সম্পদ
তারেক রহমানের স্থাবর সম্পদের পরিমাণ খুবই সীমিত। হলফনামা এবং আয়কর রিটার্ন অনুযায়ী তার নিজের কোনো কৃষি জমি নেই। অকৃষি জমি রয়েছে ২.০১ একর ১.৪০ শতাংশ, যার অর্জনকালীন মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা। উপহার হিসেবে পাওয়া ২.৯০ শতাংশ জমির উপর একটি ভবন রয়েছে। তার নিজের নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক ভবন নেই। কোনো গাড়িও নেই।
ব্যবসার সাথে সম্পৃক্ততা
তারেক রহমান রাজনীতিতে আসার আগে ব্যবসায়ী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ার সময় দ্বিতীয় বর্ষে তিনি পড়াশোনা ছেড়ে দেন এবং বস্ত্রশিল্প ও নৌ-যোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন। সেই সময় তার ব্যবসায়িক কার্যক্রম বেশ সফল ছিল বলে জানা যায়। তবে রাজনীতিতে সক্রিয় হওয়ার পর তার ব্যবসায়িক কার্যক্রম সীমিত হয়ে আসে।