
বাসস: বিশ্বখ্যাত অনলাইন পেমেন্ট গেটওয়ে 'পেপ্যাল' (PayPal) বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করার আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে দেশে ফিরে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
লুৎফে সিদ্দিকী জানান, সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ডব্লিউইএফ সম্মেলনের পার্শ্ববৈঠকে তিনি পেপ্যালের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনা করেছেন। এটি ছিল পেপ্যালের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধির প্রথম সরাসরি উচ্চপর্যায়ের বৈঠক।
বৈঠকের বিষয়ে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, "পেপ্যাল কর্তৃপক্ষ বাংলাদেশের বাজার নিয়ে ইতিবাচক এবং তারা এখানে কার্যক্রম শুরু করতে আগ্রহী। তবে এখনই বাংলাদেশে পেপ্যাল আসছে—এমন চূড়ান্ত ঘোষণা দেওয়ার সময় আসেনি। প্রতিষ্ঠানটি এখন তাদের অভ্যন্তরীণ প্রক্রিয়া শুরু করবে।"
তিনি আরও ব্যাখ্যা করেন যে, যেকোনো দেশে কার্যক্রম সম্প্রসারণের আগে পেপ্যালের অভ্যন্তরে বিস্তারিত আলোচনা, বিতর্ক এবং পরিচালনা পর্ষদ পর্যায়ের সিদ্ধান্তের প্রয়োজন হয়। এই প্রক্রিয়াগুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে চায় না।
ডব্লিউইএফ সম্মেলনে নিজের ব্যস্ততা সম্পর্কে লুৎফে সিদ্দিকী জানান, তিনি সেখানে ১৮ থেকে ২০টি পূর্বনির্ধারিত দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট বর্গে ব্রেন্ডের আমন্ত্রণে একাধিক গোলটেবিল বৈঠক ও উন্মুক্ত প্যানেল আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ফ্রিল্যান্সার ও অনলাইন উদ্যোক্তারা পেপ্যাল সেবা চালুর দাবি জানিয়ে আসছেন। লুৎফে সিদ্দিকীর এই আলোচনা সেই প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার ট্যাক্স সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং আপনার জন্য নির্ধারিত স্লটে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পরামর্শ বা আয়কর রিটার্ন সাবমিটে সহায়তা নিতে পারেন। ধন্যবাদ...